
নিজস্ব প্রতিবেদক | সিটিজি মেইল
চট্টগ্রামে আগামী ৯ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
বুধবার (২৯ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় তিনি বলেন, জাতীয় এই ক্রীড়া আয়োজনকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), শিক্ষা বিভাগ এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
মেয়র জানান, চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে বিমানবন্দর সড়ক, নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং স্টেডিয়াম এলাকায় সংস্কার, পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ দ্রুত এগিয়ে চলছে।
তিনি বলেন, চসিকের আওতায় যেসব সড়ক সংস্কারের প্রয়োজন রয়েছে, সেগুলো দ্রুত সম্পন্ন করা হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফুলের গাছ লাগানো, ক্ষতিগ্রস্ত স্টিল স্ট্রাকচার অপসারণ এবং নগরীর সৌন্দর্য বৃদ্ধির কাজও চলমান রয়েছে।
মেয়র বলেন, উদ্বোধনী অনুষ্ঠান নির্বিঘ্ন করতে প্রধান সড়কগুলো যানজটমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে ভ্রাম্যমাণ দোকান এবং অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এসব স্থাপনা অপসারণ না হলে জেলা প্রশাসন, পুলিশ ও সিটি কর্পোরেশনের সমন্বয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডা. শাহাদাত হোসেন বলেন, এটি শিশু-কিশোর ও তরুণদের জন্য একটি গুরুত্বপূর্ণ জাতীয় ক্রীড়া আয়োজন। তাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনস্থ ৭৮টি স্কুল, ২৮টি কলেজ ও একটি বিশ্ববিদ্যালয় কলেজের উপযুক্ত বয়সী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের ব্যবস্থা করা হবে।
মেয়র বলেন, খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলে। যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ সফল আয়োজনের মাধ্যমে চট্টগ্রামে ক্রীড়ার পরিবেশ আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এতে সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও আবু সুফিয়ান বক্তব্য রাখেন। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, ক্রীড়া সংগঠক এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।