
চট্টগ্রাম, ১৬ জুলাই (সিটিজি মেইল): চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন ১০ শ্রমিক। তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকার কনফিডেন্স লবণ কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, কারখানায় শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে সেখানে কর্মরত শ্রমিকদের কয়েকজন দগ্ধ হন। পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা দ্রুত তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যান।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির তথ্য অনুযায়ী, দগ্ধ হওয়া ১০ শ্রমিক বর্তমানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দগ্ধ শ্রমিকরা হলেন— দিদারুল আলম (৩২), উজ্জ্বল দাশ (৫৩), মোহাম্মদ লিটন (২৮), সিরাজুল ইসলাম (৩৪), জাহিদুল আলম (৪২), জাহিদ হোসেন (৩৮), নূর নবী (২৫), মোহাম্মদ আলম (৪৫), মাহামুদুল হক (৪৫) এবং সেলিম উদ্দিন (৩০)। তাঁদের বাড়ি বোয়ালখালী, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম নগর, লোহাগাড়া, রাউজান, পটিয়া ও চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকায়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলা উদ্দিন জানান, কারখানায় আগুন লাগার ঘটনায় ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর।
এদিকে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, কারখানায় ঝালাইয়ের কাজ চলার সময় হঠাৎ শর্টসার্কিট থেকে আগুন লাগে। আগুনের পাশে কাগজের স্তূপ থাকায় তা দ্রুত ছড়িয়ে পড়ে। তবে স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ধারণ এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আহত শ্রমিকদের চিকিৎসার পাশাপাশি ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় তদন্তও শুরু হয়েছে।