
নিজস্ব প্রতিবেদক, ঢাকা |
এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল থাকায় ওই দুটি প্রশ্নে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ ঘোষণা দেন।
শিক্ষামন্ত্রী বলেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটি ছিল। বিষয়টি নজরে আসার পর সরকার তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়েছে, ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে।
তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে মাত্র চার মাস আগে। প্রশ্ন প্রণয়নের কাজ এ সময়ের মধ্যে হয়নি। আগের প্রশ্ন মডারেটররাই এ বছরের প্রশ্নপত্র প্রস্তুত করেছিলেন।
স্পিকারের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্ন প্রণয়ন ও মডারেশনের প্রক্রিয়া সাধারণত প্রায় দুই বছর আগে থেকে শুরু হয়। তাই বর্তমান সরকার এসে এ বছরের প্রশ্নপত্র প্রস্তুত করেনি। তবে প্রশ্নে ত্রুটি ধরা পড়ার পর শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে, যাতে প্রশ্নের ত্রুটির কারণে কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত না হয়।