
চট্টগ্রাম, ২৯ জুলাই (সিটিজি মেইল): চট্টগ্রাম নগরের দামপাড়া ওয়াসা এলাকায় পরিচালিত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, খাবারে তেলাপোকা, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির অভিযোগে তিনটি রেস্টুরেন্টকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়।
বুধবার (২৯ জুলাই) সকালে পরিচালিত এ অভিযানে সবচেয়ে বেশি ১ লাখ টাকা জরিমানা করা হয় হান্ডি রেস্টুরেন্টকে। প্রতিষ্ঠানটিতে খাদ্যদ্রব্যে তেলাপোকা পাওয়া যাওয়ার পাশাপাশি অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের প্রমাণ মেলে।
একই অভিযানে পোড়া তেল ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে সিপি ৫ স্টার রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া পুরোনো বেগুনি, বাসি খাবার বিক্রি এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে জামান রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) ফয়েজ উল্লাহ বলেন, অভিযানে তিনটি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারার লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। এসব অপরাধের কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী আর্থিক জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের বাজার তদারকি ও অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।