
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
চুরির অভিযোগে আটক এক যুবককে ১০০ রাকাত নফল নামাজ আদায় করিয়ে তওবা করার সুযোগ দিয়েছিলেন এলাকাবাসী। তবে সেই সুযোগ দীর্ঘস্থায়ী হয়নি। কয়েক ঘণ্টা পরই মাদক-সংক্রান্ত অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৭ জুলাই) চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় ফকির আস্তানা এলাকায়।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, মোবাইল ফোন ও একটি ব্যাগ চুরির অভিযোগে মো. ফয়জুল করিমকে আটক করেন এলাকাবাসী। তাঁকে শারীরিকভাবে নির্যাতন না করে অনুতপ্ত হওয়ার সুযোগ দিতে ১০০ রাকাত নফল নামাজ আদায় করানো হয় এবং তওবা করিয়ে ছেড়ে দেওয়া হয়।
কিন্তু ওই দিন রাতেই জোরারগঞ্জ থানা পুলিশ মাদক সেবন ও মাদক বিক্রির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ফয়জুল করিম জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয় যুবক জহির বলেন, চুরির অভিযোগে আটক হওয়ার পর তাঁকে মারধর না করে ভালো মানুষ হওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু রাতেই মাদক মামলায় গ্রেপ্তারের খবর তাঁদের হতাশ করেছে।